চবি সাংবাদিকতা বিভাগের কক্ষে তালা, গোবর-আবর্জনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতির কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি খ. আলী আর রাজী জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষক ও কর্মচারীরা বিভাগে এসে এ অবস্থা দেখতে পান।
তবে, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সভাপতির কক্ষের দরজায় একটি নতুন তালা এবং আগের তালায় সুপার গ্লু লাগানো ছিল। এছাড়া সেমিনার কক্ষের দরজায় লাগানো তালায়ও সুপার গ্লু দেয়া ছিল।
দুর্বৃত্তরা শিক্ষার্থীদের মিলন কেন্দ্র ‘যোগাযোগ অলিন্দ’ এর সামনে গোবর, তেল ও আর্বজনাও ফেলে গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শী ছাত্র-ছাত্রীরা।
আলী আর রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানি না কারা এ কাজ করেছে। প্রশাসনকে জানানো হয়েছে। দোষীদের শনাক্ত করা গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
