২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ইন্টারনেট ম্যানেজমেন্ট সেন্টারের শিক্ষকদের পদত্যাগ

ইন্টারনেট সার্ভিস সচল রাখতে প্রশাসনের কাছে দাবি করা আর্থিক ও লজিস্টিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ এনে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ম্যানেজমেন্ট সেন্টারের (আইএমসি) দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 09:06 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে উপাচার্য বরাবর লিখিত এ পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী শিক্ষকেরা হলেন- আইএমসির ভারপ্রাপ্ত শিক্ষক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. এমদাদুল ইসলাম এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও আইএমসির অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান।

পদত্যাগপত্রে শিক্ষকেরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইএমসি-এর আওতায় ইন্টারনেট সার্ভিস সচল রাখার জন্য যে ধরনের আর্থিক ও লজিস্টিক সহায়তা দরকার তা প্রশাসনের নিকট হতে সঠিকভাবে না পাওয়ায় বর্তমানে এই সার্ভিস অব্যাহত রাখা দুরূহ হয়ে পড়েছে। যেকোন সময়ে এই সার্ভিস বন্ধ হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় আমাদের পক্ষে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা বিধায় আইএমসি’র পদ হতে অব্যাহতি যাচ্ছি।’

পদত্যাগের বিষয়ে অধ্যাপক এমদাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজ করার উপযুক্ত পরিবেশ নেই তাই পদত্যাগ করেছি।  যেহেতু সার্ভিস দিতে পারছি না তাই শুধু শুধু একটা পোস্ট হোল্ড করে তো কোন লাভ নেই।”

দাবির বিষয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে যে অর্থ বরাদ্দ দেয়া হয় তা ইন্টারনেট সার্ভিস সচল রাখার জন্য যথেষ্ট নয়। পাশাপাশি আমাদের লোকবলও অনেক কম। এসব ব্যাপারে বারবার বলা হলেও প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি।”

আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের সাথে আমরা এনিয়ে তিনবার যোগাযোগ করে আমাদের দাবি জানিয়েছি। সর্বশেষ গত সপ্তাহে দেখা করে বলেছিলাম এক সপ্তাহের মধ্যে কোন সিদ্ধান্ত না নিলে আমরা পদত্যাগ করব।

“ওইদিনের পর উপাচার্য মহোদয় আমদের সাথে কোন যোগাযোগই করেননি। তাই আজ আমরা পদত্যাগ করেছি।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি সিলেকশন বোর্ডের মিটিংএ আছি, পরে কথা বলব।”

পদত্যাগ বিষয়ে সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, “আজকের পদত্যাগের ব্যাপারে আমি এখনো শুনিনি। তবে আগে শুনেছিলাম তাদের দাবি না মানলে তারা পদত্যাগ করবে।”