২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‌‌বন্ধ শাহজালালে ভর্তি প্রক্রিয়া শুরু

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাবি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2014, 08:49 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

মঙ্গলবার সকাল ৯টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নারায়ণ সাহার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তির কাজ শুরু করে।

সকাল থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর মেধা তালিকায় ১ থেকে ৪০০ পর্যন্ত ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া চলে।

আধিপত্য বিস্তারের চেষ্টায় গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। নিহত সুমন চন্দ্র দাস সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র।

বন্ধ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখেই গত রোববার উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া ও সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম ভারত সফরে গেলে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ অবস্থায় ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে অতিরিক্ত পুলিশ চেয়ে চিঠি দেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্র্রাপ্ত নিবন্ধক জুবায়ের আহমেদ চৌধুরী।

বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়মিত পুলিশের বাইরে অতিরিক্ত পুলিশ নিয়োগের বিষয়টি স্বীকার করে অধ্যাপক নারায়ণ সাহা বলেন, “একটা অনাকাক্ষিত ঘটনায় ক্যাম্পাস আজ বন্ধ। তাই সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম চালাতে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

“আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ছাড়া অন্য কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। সকাল থেকে পুলিশ নির্দেশ অনুযায়ী কাজ করছে।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানান, ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশের সঙ্গে সাদা পোশকের পুলিশও কাজ করছে।

“এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় সন্দেহভাজন যে কাউকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।”

বুধবার ‘বি’ ইউনিট গ্রুপ-১ এর মেধা তালিকার বাকি শিক্ষার্থী, গ্রুপ-২ ও গ্রুপ-৩ এর মেধা তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এই ইউনিটে মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় মেধা তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকারও বুধবার অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ৩০ নভেম্বর ।

এই ইউনিটের মানবিক বিভাগ এবং মুক্তিযোদ্ধা, আদিবাসী, প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার হবে ১ ডিসেম্বর।