২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ‘সীমাবদ্ধ’ রাখুন: শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ‘উচ্চশিক্ষার সম্ভাবনাময় খাত’ উল্লেখ করে এসব প্রতিষ্ঠানের টিউশন ফি ‘সীমাবদ্ধ’ রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 06:16 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের (ইউল্যাব) তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে ভর্তি ও টিউশন ফিসহ সকল ক্ষেত্র সীমাবদ্ধ রাখার উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন।”

বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৩৪টি। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিবন্ধিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৭।  তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার খরচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বেশি।  

বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ বাণিজ্য ও আইনবহির্ভূতভাবে ক্যাম্পাস পরিচালনার অভিযোগ রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের নামে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এ প্রসঙ্গে নাহিদ বলেন, “যারা ব্যবসা ও প্রতারণার আশ্রয় নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে স্বার্থ হাসিল করতে চান, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের মধ্য দিয়ে তাদের পথ রুদ্ধ করা হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক হাজার ৬৩০ জন বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করছেন।

“তবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। তারা সবাই জাতির ভবিষ্যত।

“উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকরা বাস্তবের যুগস্রষ্টা। তারা দেশ, সমাজ ও মানবজাতির জন্য কল্যাণকর ভূমিকা রাখতে সক্ষম।”

সমাবর্তনে ইউল্যাবের এক হাজার ৮০ জনকে সনদ দেওয়া হয়। এদের মধ্যে দুজন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।

এবারের সমাবর্তন বক্তা সাহিত্যিক সৈয়দ শামসুল হক বিশ্ববিদ্যালয়ের ‘পরবর্তী পাঠের’ জন্য প্রস্তুত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

“প্রাতিষ্ঠানিক শিক্ষার পরবর্তী পাঠই জীবনের পাঠ। মানুষ থেকে আমরা মানব হয়ে উঠি সেই পাঠের মাধ্যমে।”

“সেবা, বিনয় ও প্রশ্ন দিয়ে জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য স্নাতকদের নিযুক্ত করতে হবে।”

অন্যদের মধ্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি কাজী আনিস অনুষ্ঠানে বক্তব্য দেন।