২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয় পক্ষপাতের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 01:04 AM

Updated : 22 Aug 2022, 07:24 PM

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ওই বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগ অনুমোদিত হয়।

রোববার উপাচার্যের সঙ্গে দেখা করে এই নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সমর্থক ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র শিক্ষকরা। অন্যদিকে বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক মঞ্চ’ও এই নিয়োগের প্রতিবাদ জানিয়েছে।

শিক্ষকদের অভিযোগ, সিন্ডিকেট, সিনেট, ডিন নির্বাচনকে সামনে রেখে অধিকতর যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বিজ্ঞাপিত চারটি পদের বিপরীতে ছয়জনকে শিক্ষক নিয়োগ দিয়েছে প্রশাসন।

নিয়োগের বিরোধিতাকারী শিক্ষকরা বলছেন, বিভাগীয় শিক্ষকদের সঙ্গে আলোচনা না করে এই বিজ্ঞপ্তি দেওয়া হলেও তখনই তার বিরোধিতা করেছিলেন তারা। তখন উপাচার্য নিয়োগের বিষয়টি আপাতত সিন্ডিকেট সভায় তোলা হবে না বলে তাদের আশ্বস্তও করেছিলেন। কিন্তু সে কথা রাখা হয়নি।

নিয়োগপ্রাপ্তরা হলেন,  বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের ভাগ্নে এবং সহকারী প্রক্টর সেলিনা আক্তারের স্বামী কাজী রাসেল উদ্দিন (নন থিসিস, স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে পঞ্চম), সহকারী প্রক্টর মাহমুদুল হাসানের স্ত্রী আফরোজা পারভীন (স্নাতকেপ্রথম শ্রেণিতে পঞ্চম ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে তৃতীয়), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর ভাগ্নে মোজাম্মেল হোসেন (স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম ও স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে দ্বিতীয়), সুব্রত বণিক (নন থিসিস) এবং মো. মাহফুজ আলী খান (স্নাতকে প্রথম শ্রেণিতে চতুর্থ ও স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম)। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ মাহবুবুল মোরশেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদের চেয়ে ভাল ফল করা শিক্ষার্থীদের আবেদন থাকলেও তাদের বাদ দেওয়া হয়েছে বলে শিক্ষক ফোরাম ও শিক্ষক মঞ্চের অভিযোগ।

এ বিষয়ে উপাচার্য ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, “সিলেকশন বোর্ড যোগ্য মনে করেছে তাই এদের সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগে প্রয়োজনের অতিরিক্ত কোনও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।”

নন থিসিসে দ্বিতীয় শ্রেণিতে পঞ্চম পাওয়া একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “তার বাবা মুক্তিযোদ্ধা উল্লেখ করে সে আবেদন করায় তার বিষয়টি আমরা বিবেচনা করেছি।”

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক মঞ্চের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ পেতে পারেন। কিন্তু শিক্ষকের ক্ষেত্রে কখনও মুক্তিযোদ্ধা কোটা গুরুত্ব পেতে পারে না।”

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব ও গণিত বিভাগের অধ্যাপক মো. শরীফ উদ্দিন বলেন, “উপাচার্যের সঙ্গে দেখা করে আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। উনি একটি বাজে নজির স্থাপন করলেন। এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়লে এর দায়ভার উনাকেই নিতে হবে।”