সোমবার পর্যন্ত শাহজালালে ক্লাস-পরীক্ষা বাতিল
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার পর সংগঠনটির ধর্মঘটের মধ্যে জরুরি সিন্ডিকেট বৈঠকে আগামী সোমবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বাতিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকালে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রশাসনিক ভবনে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কবীর হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে পূজার ও ঈদুল-আজহার ছুটি শুরু হবে। এর আগ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া ওই ঘটনা তদন্তে গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধিকতর শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে একটি কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন একটি রেস্তোরাঁয় হামলার শিকার হন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী উত্তম কুমার দাশ।
হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকে ছাত্রলীগ। সকালে প্রায় তিন ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা।
