২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি হলের পেছনে থলের ভেতর হাতবোমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের পেছনে পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে ২১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 02:16 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

হাটহাজারী থানা পুলিশ রোববার দুপুরে এই অভিযান চালায় বলে ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “সকাল থেকে ক্যাম্পাসে অভিযান চলছিল। পাহাড়ে কাঠ কাটতে যাওয়া লোকজন আমাদের জানায় এফ রহমান হলের ক্যান্টিনের পেছনে জঙ্গলে তারা দুটি ব্যাগ দেখতে পেয়েছে। সেখানে গিয়ে দুটি ব্যাগে থাকা মোট ২১টি হাতবোমা উদ্ধার করা হয়।”

এর আগে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সোহারাওয়ার্দী ছাত্রাবাসের কাছে ‘শিবিরনিয়ন্ত্রিত’ কটেজ ‘দ্বীপ মঞ্জিল’ এ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, চার বস্তা পাথর ও ২০টি লোহার রড উদ্ধার হয়।

ওই ঘটনায় শনিবার গভীর রাতে শিবিরের ৪২ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও করেছে পুলিশ।

গত ১০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় শিক্ষকবাসে হাতবোমা ও পাথর নিক্ষেপ করে শিবিরকর্মীরা। ওই ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪জন আহত হন।

এরপর ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান শুরু করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ আলাদা দুটি মামলা করে, যাতে ৯৫ জনকে আসামি করা হয়।

শিক্ষক বাসে হামলার পর গত তিন দিনে ঘটনাস্থল ও ক্যাম্পাসে অভিযান চালিয়ে মোট ৩৩ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৪ অগাস্ট ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগকর্মীদের মধ্যে গুলি বিনিময়ের পর ‘সোহরাওয়ার্দী’ ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়। ওইদিন ছাত্রাবাসটি থেকে বেশকিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করা হয়।

পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামী ছাত্র শিবিরকর্মীদের নিয়ন্ত্রেণে থাকা হলটি বন্ধ করে দেয়।

গত জানুয়ারি থেকে বন্ধ থাকা শাহ আমানত ও অগাস্টে বন্ধ হওয়া সোহরাওয়ার্দী ছাত্রবাস খোলার দাবিতে গত ৩১ অগাস্ট ‘হলের আবাসিক শিক্ষার্থী’ ব্যানারে ধর্মঘটের ডাক দেয় ইসলামী ছাত্রশিবির।

এই ধর্মঘটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসে চার দফা হামলা চালানো হয়।

এদিকে শিক্ষকবাসে হামলার প্রতিবাদে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।