২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবিরের কটেজে অভিযানে মিলল হাতবোমা-পাথর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত একটি কটেজে অভিযান চালিয়ে হাতবোমা ও পাথর উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সোহারাওয়ার্দী ছাত্রাবাস সংলগ্ন শিবির নিয়ন্ত্রিত কটেজ ‘দ্বীপ মঞ্জিলে’ অভিযান চালায় হাটাহাজারী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কটেজটি থেকে চার বস্তা পাথর, একটি হাতবোমা ও ২০টি লোহার রড উদ্ধার করা হয়েছে।”

অভিযানে অংশ নেয়া হাটাহাজারী ‍থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “এখানে শিবিরের নেতাকর্মীরা থাকত। অভিযানের সময় তাদের কাউকে পাওয়া যায়নি। কটেজটির মালিক মো. ইউনুস। তার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”

গত বুধবার সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় শিবিরকর্মীরা চবি শিক্ষকবাসে হাতবোমা ও পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪জন আহত হন।

ঘটনার পর ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান শুরু করে পুলিশ।

এরআগে গত ২৪ অগাস্ট ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গুলি বিনিময়ের পর ‘সোহরাওয়ার্দী’ ছাত্রাবাসে অভিযান চালায়  পুলিশ। ওইদিন সেখান থেকে বেশকিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করে পুলিশ।

পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামী ছাত্র শিবিরকর্মীদের নিয়ন্ত্রণে থাকা এ হলটি বন্ধ করে দেয়।

গত জানুয়ারি থেকে বন্ধ থাকা শাহ আমানত ও অগাস্টে বন্ধ হওয়া সোহরাওয়ার্দী ছাত্রাবাস খোলার দাবিতে গত ৩১ অগাস্ট থেকে ‘হলের আবাসিক শিক্ষার্থীর’ ব্যানারে ধর্মঘটের ডাক দেয় ইসলামী ছাত্র শিবির।

ধর্মঘট শুরুর পর থেকে গত বুধবার পর্যন্ত শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসে চার দফা হাতবোমা নিক্ষেপ ও পাথর দিয়ে হামলা করে।

সর্বশেষ বুধবার শিক্ষক বাসে হামলার পর গত তিন দিনে ঘটনাস্থল ও ক্যাম্পাসে অভিযান চালিয়ে মোট ৩৩ জন শিবির কর্মীকে হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে শিক্ষকবাহী বাসে হামলার প্রতিবাদে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।