২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ইউজিসিকে বুড়ো আঙুল

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সতর্কতা জারির পরও রাজশাহীতে চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 03:34 AM

Updated : 13 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা
‘অবৈধ’ বিশ্ববিদ্যালয় বন্ধে হস্তক্ষেপ চায় ইউজিসি

সরেজমিনে ঘুরে নর্দার্ন ইউনিভার্সিটি, দারুল ইহসান ইউনিভাসির্টি, প্যারাগন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড আর্টস এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন এশিয়ার রাজশাহী ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তির ব্যানার ঝুলতে দেখা গেছে। দেখা গেছে ভর্তিচ্ছুদের আনাগোনাও।

অভিযোগ রয়েছে, স্থানীয় পত্রপত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের আকৃষ্ট করছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় কোর্স ফি কম নেয়ার আশ্বাস দিচ্ছে বলেও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

গত ৮ সেপ্টেম্বর ইউজিসি ১২টি বিশ্ববিদ্যালয়ের ৪৮টি ক্যাম্পাসে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটি (রাজশাহী ক্যাম্পাস) এবং দারুল ইহসানের নাম রয়েছে।   

আর ইউজিসির ওয়েবসাইটে অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে তালিকা রয়েছে তাতে ইউনিভার্সিটি অব সাউদার্ন এশিয়া বা প্যারাগন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড আর্টসের নামই পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার নগরীর তালাইমারী এলাকায় নর্দার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থী ভর্তির ব্যস্ততা দেখা যায়।

বছর দুই আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিলেও পরে আদালতের স্থগিতাদেশ নিয়ে ভর্তি কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভর্তির তথ্য জানতে এই ক্যাম্পাসে আসা রাজশাহীর গোদাগাড়ির মৃণাল কান্তি বলেন, বিজ্ঞপ্তি আর প্রচার দেখেই তিনি এখানে এসেছেন।

“ইউজিসি সতর্ক থাকতে বললেও এখানে তারা শতভাগ আশ্বাস দিয়েছে। বলেছে ভর্তি হলে ‘কোর্স ফি’ শিথিল করা হবে।”

 

নর্দার্ন ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে ভর্তি কার্যক্রম চালাচ্ছি। কর্তৃপক্ষ আমাদের শিক্ষার্থী ভর্তি করতে বলেছে।”

এক প্রশ্নের তিনি বলেন, “আমরা জেনেছি ইউজিসি একটি সতর্ক বার্তা পাঠিয়েছে। তবে যেহেতু আদালতে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় আছে, সেহেতু আমাদের ভর্তি কার্যক্রম বৈধ।”

রাজশাহীতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের তিন মালিকের নিয়ন্ত্রণে চারটি ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলছে। স্থানীয় পত্রপত্রিকায় তাদের ভর্তি বিজ্ঞপ্তিতেও মালিকদের আলাদা আলাদা পরিচয় পাওয়া যায়।

তালাইমারীতে বিশ্ববদ্যালয়টির টিনের ছাদ সম্বলিত এক কক্ষের একটি ক্যাম্পাস চালান আবু ইউসুফ মোহাম্মদ সেলিম। তিনি নিজেকে স্থানীয় একটি স্কুলের অধ্যক্ষ এবং স্থানীয় ‘দৈনিক উপচারের’ প্রধান সম্পাদক বলে দাবি করেন।

ওই প্রতিষ্ঠানের ৪০ গজ দূরে ভদ্রার মোড়ের কাছেই আরেকটি সাইনবোর্ড পাওয়া যায় দারুল ইহসানের।

এর ‘কো-অডিনেটর’ এম এ আরিফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আমরা আদালতের আদেশ নিয়েই ভর্তি কার্যক্রম চালাচ্ছি। এখানে কে সনদ বাণিজ্য করল আর কে পড়াশোনা করল, তা দেখার দায়িত্ব আপনাদের নয়। আপনি পারলে সরসারি এসে দেখা করেন।”

নগরীর ছোট বনগ্রাম এলাকায় একই বিশ্ববিদ্যালয়ের আরেকটি ক্যাম্পাস রয়েছে, যার ‘কো-অর্ডিনেটর’ তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি।

তোফাজ্জল দাবি করেছেন, তারটি ছাড়া রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়াসহ অন্য কোথাও দারুল ইহসানের আর কোনো আউটার ক্যাম্পাস নেই ।

 

ইউজিসির হুঁশিয়ারিকে গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না রামচন্দ্রপুরে প্যারাগন ইনস্টিউটিউট অব বিজনেস অ্যান্ড আটর্স এর ‘কো-অডিনেটর’ আব্দুল্লাহ আল বশির।

তিনি বলেন, “দেখুন আমরা ছোট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের বাধা দেয়ার কেউ নেই।”

ভদ্রার মোড়ে দারুল ইহসান ক্যাম্পাসের কাছেই ইউনিভার্সিটি অব সাউদার্ন এশিয়ার ক্যাম্পাস। এর সমন্বয়কারী রশীদ মামুনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহীর এসব বিশ্ববিদ্যালয়ের সব অউটার ক্যাম্পাসই অননুমোদিত।

“যারা ভর্তি কার্যক্রম চালাচ্ছে, তারা নিছক ‘সনদ’ বিক্রির উদ্দেশ্যেই তা করছে।”

ইউজিসি চেয়ারম্যান বলেন, “আসলে নিষেধাজ্ঞা জারির মধ্যে দিয়ে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করার চেষ্টা করেছি। এরপরও যারা জেনেশুনে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের সনদের জন্য আদালতের দিকে তাকিয়ে থাকতে হতে পারে।”

তিনি আবারো সতর্ক করে বলেন, “পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোকে লাল কালিতে দাগাঙ্কিত করি তখন সবার খেয়াল রাখতে হবে ওইসব প্রতিষ্ঠান থেকে পাওয়া সনদের কোনো মূল্যায়ন হবে না।”