ইবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জিডি
শিক্ষকদের উপর হামলাসহ কয়েকটি অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জিডি করার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, শিক্ষকদের উপর হামলা, লিফলেটের মাধ্যমে প্রক্টরকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করা এবং বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি করেছে।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সাধারণ ডায়েরি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বউদ্যোগে করেছে, নাকি ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের প্ররোচনায় করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে।
