Published : 14 Aug 2026, 02:52 AM
জাতীয়তাবাদী ছাত্রদলের ছয়জন জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার রাতে আধা ঘণ্টার ওই সাক্ষাতকালে বিএনপি চেয়ারম্যান আওয়ামী লীগ শাসনামলে ও চব্বিশের আন্দোলনকালে সংগঠনের ভূমিকার জন্য ছাত্রদলকে ‘ধন্যবাদ’ দিয়েছেন বলে ওই বৈঠকে অংশ নেওয়া দুইজন ছাত্রদলনেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকমকে বলেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতের পর ছাত্রদলের নতুন কমিটি শিগগির আসতে পারে বলেও ইঙ্গিত পেয়েছেন সংগঠনটির নেতারা।
মধ্যরাতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফেইসবুক পোস্টেও এমন আভাস এসেছে।
ওই পোস্টে তিনি দিয়েছেন বিদায়ের বার্তা। লিখেছেন, “অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।”
'নতুন জীবন' শুরু করতে চাওয়ার কথা বলেছেন ছাত্রদল সভাপতি; নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবে, রাখলেন সেই প্রতাশাও।
গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাতের বিষয়ে মধ্যরাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সাক্ষাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
ব্ঠৈকে উপস্থিত থাকা দুইজন নেতা বলেন, চব্বিশের সরকারপতনের আন্দোলনে ছাত্রদলের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নেতাদের প্রশংসা করেছেন। পাশাপাশি সারাদেশে ২২০০ এর বেশি গঠন করা সাংগঠনিক কমিটির ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির বিষয়ে তাদের অবহিত করেন। তিনি এই বার্তাও দেন, শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি আসবে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন যুগ্ম সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তিনি তাদের আগামী দিনের রাজনীতির জন্য শুভকামনা দেন। তিনি ছাত্রদলের কার্যক্রমে ‘সন্তুষ্ট’ বলে তুলে ধরেন।
নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার পক্ষে মত দিয়ে কমিটি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতে নেতাদের কাছ থেকে পরবর্তী কমিটির নেতৃত্ব নিয়ে ‘গোপন’ মতামতও নেন প্রধানমন্ত্রী বলে তুলে ধরেন আরেক নেতা।
২০২৪ সালের ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের এ কমিটি করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীনকে দায়িত্ব দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কমিটির একাধিক নেতার ভাষ্য, বর্তমান কমিটি ও নতুনদের মধ্যে মিলিয়ে অন্তত ১০ জনের বেশি নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে উদগ্রীব। এরইমধ্যে তাদের অনেকেই আবার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্যানেল হেরে যাওয়ায় বর্তমান নেতারা দুঃখপ্রকাশ করেছেন।
বৈঠকের বিষয়ে সংগঠনের সভাপতি রাকিবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে বৈঠকে অংশ নেওয়া আরেক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের পরবর্তী কমিটি যেকোনো সময় হতে পারে এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।”