খুলনা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক
খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র ও পুলিশের সংঘর্ষের ঘটনায় সমঝোতা বৈঠকের পর দুদিনের উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়েছে মঙ্গলবার বিকালে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ছাত্র-শিক্ষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ সমঝোতা বৈঠক হয়। পরে বিকাল ৪টার দিকে ছাত্ররা হলে ফিরে যান।
এ ঘটনায় খুলনা মহানগর পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এরা হলেন সহকারী কমিশনার (ফোর্স) রবিউল ইসলাম, সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক বুলবুল আহমেদ, কনস্টেবল শরীফুল ইসলাম, ফরহাদ আজমেদ ও চম্পা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দুই ছাত্র উচ্ছাস ও মিলনকে সোমবার রাতে নগরীতে তল্লাশি করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাদের লাঞ্ছিত করে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েক শ বিক্ষুব্ধ ছাত্র লাঠিসোটা নিয়ে গল্লামারি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক শিক্ষক সৈকত মন্ডল পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করতে চাইলে পুলিশ তাকে মারধর করে বলে খবর ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জেরে ছাত্ররা ক্লাস বর্জন করে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের হাদী চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা মঙ্গলবার ক্যাম্পাসে মানবন্ধন করে পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের অপসারণের দাবি জানান।
দুপুরে খুলনা মহানগর পুলিশ কর্তৃপক্ষ পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে একজন উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবলকেও প্রত্যাহার করা হয়।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আব্দুল মান্নান জানান, সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রতাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর অনেক ঘটনা ঘটেছে। কিন্ত আজ পর্যন্ত কোনো শিক্ষক পুলিশের হাতে লাঞ্ছিত হয়নি।
সোমবার রাতে পরিচয় দেয়ার পরও শিক্ষক সৈকত মন্ডলকে লাঞ্ছিত করায় শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন, যে কারণে তারা মানববন্ধন করেছেন।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেলা ৩টার দিকে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি বৈঠক হয়।
বৈঠকে সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পুলিশের হাতে ছাত্র শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসন দুঃখ প্রকাশ করে।
বৈঠকের পর ছাত্ররা তাদের বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে হলে ফিরে গেছে বলে তিনি জানান।
