২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত ইউএসটিতে কর্মবিরতি

সাত দফা দাবির বিষয়ে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষক-চিকিৎসক,  কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী সমন্বয় পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

রাষ্ট্রপতি অনুমোদিত উপাচার্য নিয়োগ, চাকরি বিধিমালা প্রনয়ন ও আর্থিক হিসাবে স্বচ্ছতা আনাসহ ৭ দফা দাবিতে গত ১৮ মে থেকে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছে সমন্বয় পরিষদ।

গত রোববার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের জাকির হোসেন সড়ক অবরোধ করে। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য ও রেজিষ্ট্রার এবং জেলা প্রশাসকের সঙ্গেও বৈঠক করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামাল উদ্দীন বলেন, “১৯৯২ সালে জনসেবা ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেও সময়ের পরিক্রমায় জনসেবা ফাউন্ডেশন ও ইউএসটিসি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল অ্যাসোসিয়েশন (বিএমডিসি)  শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পরিবেশ অধিদপ্তর ইউএসটিসিকে কালো তালিকাভুক্ত করেছে।

“বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুসারে ইউএসটিসিতে রাষ্ট্রপতি নিযুক্ত কোনো উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার নেই। ট্রাস্টি বোর্ডের ছয় জনের মধ্যে মাত্র দুই বোর্ডের সভায় নিয়মিত হাজির হন। সিন্ডিকেট গঠন করা হয়েছে ১০ জন নিয়ে।”

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ইউএসটিসিতে শেষ চারটি ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের বিএমডিসিতে নিবন্ধন নেই। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো চাকরি প্রবিধিানমালা নেই। শিক্ষার্থীদের ভর্তির টাকা বিশ্ববিদ্যালয় তহবিলে জমা না হয়ে জনসেবা ফাউন্ডেশনের তহবিলে জমা করা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সহকারী অধ্যাপক এস এম মাহবুবুল কাদির বলেন, “শিক্ষকরা পাঠদানে প্রস্তুত। আমরা বিলম্ব করতে চাই না। যদি স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিখিত দেন তবেই কর্মবিরতি প্রত্যাহার হবে।”

সমন্বয় পরিষদের দাবিগুলো হলো- রাষ্ট্রপতি অনুমোদিত উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগ, চাকরি বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বিএমডিসি ও আইবি সনদ গ্রহণ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করা, আর্থিক অনিয়ম ও ভর্তি বাণিজ্য বন্ধ করা এবং সবেতন মাতৃত্বকালীন ছুটি তিন মাসের পরিবর্তে ছয় মাস করা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।