২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী আটক

একটি বেসরকারি কোম্পানির এক বিক্রয়কর্মীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 10:18 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ৬৮ নম্বর কক্ষ থেকে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতাউর রহমান শুভ এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আলমগীর হোসেনকে আটক করা হয়।

ওই কক্ষ থেকেই অপহৃত সোহেলকে উদ্ধার করা হয়। তিনি কাজী ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিক্রয়কর্মী বলে পুলিশকে জানিয়েছে।

অপহৃতের বরাত দিয়ে ওসি বলেন, এসএম হলের সামনে দিয়ে যাওয়ার সময় দুই শিক্ষার্থী ওই বিক্রয়কর্মীকে ধরে নিয়ে হলের কক্ষে আটকে রাখে। চার লাখ টাকা মুক্তিপণ চেয়ে সোহেলকে উপর্যুপুরি নির্যাতন চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই অভিযান চালায় জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমাজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার বার এ ধরনের ঘটনা ঘটায় প্রশাসন উদ্বিগ্ন। অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”