যাত্রা শুরু করলো 'পাবলিক ইউনিভার্সিটি টিচারর্স নেটওয়ার্ক'
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নানা সমস্যা ও তার সমাধানে বিকল্প চর্চা চালুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন 'পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক' যাত্রা শুরু করেছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ নেটওয়ার্কের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন বলে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ।
এতে বলা হয়েছে, নতুন এ সংগঠনটির সঙ্গে ইতোমধ্যেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক যুক্ত আছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়কে রক্ষার জন্য নেটওয়ার্কটি কাজ করে যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্রমপ্রসারমান বাণিজ্যিকীকরণের ব্যাপারে সংগঠনটি কাজ করতে চায়। এ সংক্রান্ত লেখালেখি, গবেষণা, সেমিনার, আলোচনা, অ্যাক্টিভিজম ও দেশব্যাপী নেটওয়ার্কিং-এর মধ্য দিয়ে সংগঠনটি তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।
বিদ্যমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করা ও বিকল্প চর্চাকে হাজির করা নেটওয়ার্কটির কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে। তাদের প্রথম কার্যক্রম পরিচালিত হবে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনকে ঘিরে।
রোববার উপস্থিত শিক্ষকরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেলিম রেজা নিউটন, সুস্মিতা চক্রবর্তী, বখতিয়ার আহমদ ও কাজী মামুন হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লুনা মির্জা ও মাহমুদুল সুমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাতেমা সুলতানা শুভ্রা, তাসলিমা আতিক ও ইমাম হোসেন সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহের নিগার, মোঃ নূরুজ্জামান, খ. আলম, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, কাজী মারুফুল ইসলাম, সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আজম, মামুন আল মোস্তফা ও ফাহমিদুল হক।
