২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলাদেশ ব্যাংক অবরোধের ঘোষণা জবি শিক্ষার্থীদের

হল উদ্ধারের দাবিতে আন্দোলরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার ক্যাম্পাসের ভেতরে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট কার্যালয় অবরোধের ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 11:40 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

কেন্দ্রীয় ব্যাংকের এই কার্যালয়টি সরিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবিতে মঙ্গলবার অবরোধ করবে তারা।

সোমবার ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষাভ সমাবেশে ব্যাংকের মূল ফটক অবরোধ করে অবস্থানের ঘোষণা দেন হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরীফুল ইসলাম।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশে ব্যাংকের কার্যালয়টি বিষফোঁড়ার মতো। এটা অপসারণ করে এখানে ছাত্র-শিক্ষক কেন্দ্র নির্মাণ করতে হবে।

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও ব্যাংক অবরোধ কর্মসূচিতে অংশ নেবে বলে জানান তিনি।

বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি দেওয়া হবে।

সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পৌনে ১২টার দিকে রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন তারা।

এসময় নয়াবাজার মোড় থেকে সদরঘাট ও যাত্রাবাড়ী রোডে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন শেষে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা।

এসময় শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে রায়সাহেব বাজার মোড়কে ‘অধিকার আদায় চত্বর’ বলে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য শেখ মাশরিক হাসান মেহেদী।