এমইএস কলেজের ভিপি-জিএস সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া
কর্মীকে মারধরের জেরে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস সমর্থিত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন তিন জন।
বুধবার বিকালে নগরীর জিইসি মোড়ে কলেজটির ছাত্র সংসদের ছাত্রলীগ সমর্থিত ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশাদুল আলম বাচ্চুর কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
সংঘর্ষের সময় দুই পক্ষের কর্মীরাই ওই এলাকায় কয়েকটি যানবাহন, একটি বেসরকারি ব্যাংকের শাখা ও কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওসি আবু জাফর সাংবাদিকদের বলেন, দুপুরে ওআর নিজাম রোড এলাকায় আরশাদুল আলম বাচ্চু সমর্থিত ছাত্রলীগকর্মী এম এ আলিম শিকদার মিঠুর উপর প্রতিপক্ষের কর্মীরা হামলা চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে বাচ্চুর সমর্থকরা দুপুরে রিয়াদ নামে প্রতিপক্ষের এক কর্মীকে কুপিয়ে জখম করে। এরপর জিইসি মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় কয়েক গুলিও ছোড়া হয় বলেও জানান ওসি ফারুক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষই দেশি অস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান নেয়।
তারা বেসরাকারি সোশ্যাল ইসলামী ব্যাংক, বাটার শো-রুম, একটি আবাসিক হোটেলের কাচ ও কয়েকটি যানবাহন ভাংচুর করে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।
