রোকেয়ার ছাত্রলীগ নেতা বহিষ্কৃত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস এম বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি শনিবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাদীউজ্জামান হাদীকে দল থেকে শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
গত বছরের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর এসিড নিক্ষেপের মামলার অভিযোগপত্রভুক্ত দুই নম্বর আসামি হাদী।
পছন্দের প্রার্থীর চাকরির আবেদন বাতিল করায় গত বুধবার সকালে হাদীউজ্জামান হাদীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় হামলা চালিয়ে কাগজপত্র তছনছ ও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছ্।
হাদী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয়েছে।
