ঢাবি শিক্ষিকার কক্ষে শিক্ষার্থীদের তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছনা ও অশালীন মন্তব্যের অভিযোগ তুলে তার কক্ষে তালা ঝুলিয়ে শাস্তি দাবি করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত শিক্ষিকার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।পরে সাড়ে ১২টার দিকে অফিস সহকারীর সহযোগিতায় কক্ষের তালা খোলা হলে ওই শিক্ষিকা বের হয়ে চলে যান।ভুক্তভোগী মাস্টার্সের ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার তার প্রজেক্টের কাজে সুপারভাইজার জামিউন নাহারের সঙ্গে তার কক্ষে দেখা করতে যান তিনি। একই কক্ষে বসেন ওই বিভাগের সিনিয়র শিক্ষিকা অধ্যাপক আয়েশা মাহমুদা।
“কিছুক্ষণ পর আয়েশা মাহমুদা কক্ষে প্রবেশ করেন এবং আমাকে দেখে বিরক্তি প্রকাশ করেন। এরপর বের হয়ে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই আমাকে লাথি মারেন ও বাজে মন্তব্য করেন।”
এরই মধ্যে ঘটনার বিচার ও অভিযুক্ত শিক্ষিকার শাস্তি চেয়ে বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর সুপারভাইজার প্রভাষক জামিউন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার দিন ওই শিক্ষার্থী আমার কাছে প্রজেক্টের বিষয়ে কথা বলতে এসেছিল। আয়েশা ম্যাডাম কক্ষে প্রবেশ করার সময় চেয়ার থেকে উঠে অন্য পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর ম্যাডাম কক্ষ থেকে বের হওয়ার সময় তাকে ‘রক্ষিতা’ বলে গালি দেয়, সেটা আমি শুনেছি। তবে লাথি মারার বিষয়টি সরাসরি দেখিনি।”
বিভাগের ছাত্র উপদেষ্টা মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, “অভিযোগের বিষয়ে বিভাগের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।”
বিভাগের চেয়ারপারসন অধ্যাপক পারভীন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি অভিযোগ পেয়েছি। আমরা আমাদের একাডেমিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
