রোকেয়ায় দাপ্তরিক কাগজপত্র তছনছ, ‘লুট’
পছন্দের প্রার্থীর চাকরির আবেদন বাতিল হওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কাগজপত্র তছনছ ও লুট করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সংস্থাপন শাখার কর্মকর্তারা জানান।
ছাত্রলীগ নেতারা কাগজপত্র তছনছের কথা স্বীকার করলেও লুটপাটের কথা স্বীকার করেননি।
সংস্থাপন শাখার সেকশন অফিসার জিয়াউল হক জানান, বিশ্ববিদ্যালয়ে ২৩ জন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের নামে ইন্টারভিউ কার্ড পাঠানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাদীউজ্জামান হাদীর পছন্দের প্রার্থী নির্মল কুমার রায় আবেদন করেন সেকশন অফিসার গ্রেড-২ পদে। কিন্তু বিধিসম্মত না হওয়ায় তার আবেদনপত্র বাতিল করে বাছাই কমিটি।
“এতে ক্ষিপ্ত হয়ে বেলা ১১টায় হাদীর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা সংস্থাপন শাখায় হামলা চালিয়ে সকল কাগজপত্র তছনছ করে এবং বেশকিছু জরুরি কাগজ লুট করে নিয়ে যায়,” বলেন জিয়াউল।
কর্মকর্তা নিয়োগের আবেদনপত্র বাছাই কমিটির আহ্বায়ক বিজনেস অনুষদের ডিন ফেরদৌস রহমান বলেন, নির্মল কুমার রায় বর্তমানে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানকার কর্তৃপক্ষের অনুমতিপত্র এবং কম্পিউটার শিক্ষার সনদ জমা না দেয়ায় তার আবেদনপত্র বিধিসম্মতভাবেই বাতিল হয়।”
অভিযোগের সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাদীউজ্জামান হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদনকারী আমাদের দলীয় ছেলে। সকল যোগ্যতা থাকার পরও তার আবেদনপত্র বাতিল করার বিষয়টি ‘প্রেস্টিজ ইস্যু’ হয়েছে। এ কারণে মাথা গরম হয়ে যাওয়ায় কাগজপত্র তছনছ করেছি।”
এর আগে সোমবার বঙ্গবন্ধু ছাত্র হল চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মী প্রশাসনিক ভবনের পাঁচটি কক্ষের দরজা-জানালা, আসবাবপত্র ও দুটি কম্পিউটার এবং উপাচার্যের কক্ষের দরজা ভাংচুরের অভিযোগ ওঠে।
