বাউবি শিক্ষক সমিতিতে নীল দল জয়ী
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সবকটি পদে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত-বিএনপি সমর্থিত সাদা দল সবকটি আসনে পরাজিত হয়েছে। নির্বাচনে ১১৩ জনের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেছেন।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. কামারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে ড. মো. মোহসিন উদ্দিন ৬৯ ভোট পেয়ে সভাপতি পদে এবং ড. মো. তৌহিদুল ইসলাম ৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন।
বিজয়ী অন্যরা হলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুনূর রশিদ (ভোট-৬৫), সহ-সভাপতি ডা. সরকার মো. নোমান (ভোট-৬৭), যুগ্ম সম্পাদক মো. ইকবাল হুসাইন (ভোট-৭৩), সাংস্কৃতিক সম্পাদক ড. মো. নাসিরুল ইসলাম (ভোট-৭১)।
এছাড়া সদস্যরা হলেন মোস্তফা আজাদ কামাল (ভোট-৭২), ড. এ. এস. এম গোলাম মরতুজা (৭১), মো. তারিকুল ইসলাম (৭১), ড. মো. ফরিদ হোসেন (৭০), মো. শহীদুর রহমান (৬৯), মো. আনোয়ারুল ইসলাম (৬৮), মো. আনোয়ারুল ইসলাম (৬৭), ড. সুনীল কান্তি দে (৬৪) ও আরোবিয়া খানম (৬৪)।
সভাপতি পদে সাদা দলের প্রার্থী ড. মো. মঈনুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
