খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩৩ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারসহ কয়েকটি ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাসহ ৩৩ জন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোল্লা আমির হোসেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অধ্যাপক ড. মোল্লা আমির হোসেন জানান, পদত্যাগপত্র গ্রহণ করে তার কার্যালয়ে রাখা হয়েছে বলে তিনি শুনেছেন, তবে এখনও দেখেননি।
এ ব্যপারে পদত্যাগারী ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা জানান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. আফরোজা পারভীনকে অপমান, চারুকলা ইনস্টিটিউটকে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ স্কুল না করা এবং বিএনপি জামায়াতের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের গাটছড়া বাঁধার প্রতিবাদে শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, একাডেমিক কাউন্সিলের ঘটনায় তিনি আফরোজা পারভীনের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে অন্য যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আফরোজা পারভীন, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান, খান বাহাদুর আহসান উল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী শাহনেওয়াজ রিপন, রসায়ন বিভাগের প্রধান ও অপরাজিতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা, খানজাহান আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সরোয়ার জাহান।
ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. তরিকত ইসলাম, একই পদের মো. দুলাল হোসেন, সৈকত মন্ডল, লিপন সাহা, মো. সাদিকুল আমিন, লস্কর এরশাদ আলী, শ্যামল কুমার দেবনাথ, মো. এনামুল হক।
খানজাহান আলী হলের সহকারী প্রভোস্ট মো. আলী আকবর, একই পদের বিধান চন্দ্র সরকার, মো. নুরুজ্জামান, মো. ফিরোজ আহমেদ, আরিফুল ইসলাম, অপরাজিতা হলের সহকারী প্রভোস্ট কায়কোবাদ মো. রেজাউল করিম, একই পদের লায়লা সিদ্দিকা, ড. নিহার রঞ্জন সিংহ, উম্মুল হাসানাত রুহিন জেসমিন, কাজী হুমায়ূন কবীর, খান বাহাদুর আহসান হলের সহকারী প্রভোস্ট মাসুদুর রহমান, মো. ইউনুস আলী, মঞ্জুর আল হোসেন, আনিসুর রহমান ও অনুপম কুমার বৈরাগী।
