বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের নামে ঢাবি হল
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র নব-নির্মিত ছাত্রী হলের নাম ‘কৃতী অ্যাথলেট সুলতানা কামাল হল’ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রবধূ অ্যাথলেট সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং রোকেয়া হলের ছাত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে ঘাতকের বুলেটে সুলতানা কামালও নিহত হন।
