২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণস্বাস্থ্যের শিক্ষার্থীদের ফের ভাংচুর,  আটক ২১

গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এক চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আবারও ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার শিক্ষার্থীরা বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করলে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকসহ ২১ জনকে আটক করেছে।

মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী পরিচালক ডা. মুকালুর রহমান মুরাদের মৃতদেহ রোববার পটুয়াখালীর গলাচিপার একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

মুরাদের মৃত্যুকে হত্যা দাবি করে এর রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের দাবিতে সোমবারও ভাংচুর চালায় শিক্ষার্থীরা।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই দাবিতে আবারও বিক্ষুব্ধরা ভাংচুরসহ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

তবে এরপরও তারা ভাংচুর ও পুলিশের উপর হামলার চেষ্টা করলে ২১ জনকে আটক করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

গণবিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের পক্ষ থেকে থানায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

আটক শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের নামও মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।