জাবি উপাচার্যকে ফের প্রাণনাশের হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারো হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এই হুমকি দেয়া হয় বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শিক্ষকদের আন্দোলনের মধ্যে ছুটিতে থাকা উপাচার্যকে এসএমএসে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ফিরলেই তাকে হত্যা করা হবে।
নমুনা হিসেবে বাসায় কাফনের কাপড় পাঠানোর কথাও উল্লেখ করা হয় এই বার্তায়।
অসুস্থতার কারণে অধ্যাপক আনোয়ার ২০ নভেম্বর থেকে ছুটিতে রয়েছেন। রাজধানীর একটি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।
হুমকির বিষয়ে নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হবে।
এর আগে গত ৭ নভেম্বর রাতে একই নম্বর থেকে সস্ত্রীক উপাচার্যকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
