শাবিতে ভর্তির সমন্বিত পদ্ধতি বাতিলের দাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষাকে ‘বৈষম্যমূলক’ অ্যাখায়িত করে তা বাতিলের জন্য কর্তৃপক্ষকে ৩০ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন স্থানীয় আন্দালনকারীরা।
এ দাবিতে রোববার বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে একটি পদযাত্রা বের করা হয়।
সচেতন সিলেটবাসীর আন্দোলনের মুখে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক পদত্যাগ করেন।
এরপর শিক্ষার্থীদের পাল্টা আন্দোলনের মুখে বুধবার আবার একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল করা হলে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
ভর্তি পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা পদযাত্রা করে বিশ্ববিদ্যালয়ের কাছে তপোবন আবাসিক এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে বিগত বছরের মতো স্বতন্ত্র ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানান তারা।
শাবি গুচ্ছ ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলন স্টিয়ারিং কমিটির মুখপাত্র আলী আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জুবায়ের সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক গোলাম আলী হায়দার, সচেতন সিলেটবাসীর আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কায়েন লোদী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাসেম, ডক্টরস অ্যাসোসিয়েশন আব বাংলাদেশের (ড্যাব) সিলেট শাখার সম্পাদক ডা. নাজমুল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
আলী আহমদ বলেন, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে সমন্বিত পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা না করলে ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় গেটে সমাবেশ ও অবস্থান ধর্মঘট করা হবে।
এর মধ্যেও সমন্বিত পরীক্ষা বাতিল না করলে ভর্তি পরীক্ষার আগের দিন সিলেট বিভাগে অবরোধ কর্মসূচি ও পরীক্ষার দিন সিলেট জেলা ও মহানগরে হরতাল করা হবে বলে ঘোষণা দেন আলী আহমদ।
এদিকে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক গোলাম আলী হায়দারের বক্তব্য নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা বলেন, একজন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে রাস্তায় দাঁড়িয়ে কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন না তিনি। সিদ্ধান্ত যদি একান্তই তার পছন্দ না হয় তাহলে তিনি নোট অব ডিসেন্ট দিতে পারতেন।
সমাবেশে অধ্যাপক জাফর ইকবালকে কটুক্তি করে শ্লোগান দিতেও দেখা গেছে।
এ সময় সচেতন সিলেটবাসীর আহ্বায়ক কায়েস লোদী মাইকে ঘোষণা করেন, “আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে নয়, সমন্বিত পরীক্ষা বাতিলের দাবিতে।”
অধ্যাপক জাফর ইকবালকে কটুক্তিমূলক শ্লোগান দিতে তিনি নিষেধ করেন।
কায়েস লোদীর ঘোষণার পরপরই সমাবেশে অংশগ্রহণকারীদের ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর শ্লোগান’ দিতে দেখা যায়।
এর পরপরই সমাবেশে বক্তব্য দেন শিবিরের সিলেট মহানগর কমিটির সম্পাদক আব্দুর রাজ্জাক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতিতে দেশে প্রথম সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণের পর আড়াই মাস ধরে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, ভর্তির জন্য শাবিতে আবেদন করেছে ৪৩৮২৯ জন এবং যবিতে ৫৮২৫ জন। আর দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই আবেদন করেছে ৫৬১৩ জন। যশোর কেন্দ্রে বসে শাবিতে ভর্তি হতে ইচ্ছুক এমন পরীক্ষার্থীর সংখ্যা ৬৮১৮, সিলেটের কেন্দ্রে বসে যশোরে ভর্তি হতে ইচ্ছুক এমন পরীক্ষার্থীর সংখ্যা ৩২০৩।
