জাহাঙ্গীরনগরে পাল্টাপাল্টি সমাবেশ
বিশ্ববিদ্যালয়কে রক্ষায় ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষকদের মোর্চা শিক্ষক মঞ্চ।
শহীদ মিনারের পাদদেশে শনিবার প্রতিবাদী প্রদর্শনীর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
উপাচার্যবিরোধী আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের একাংশের গড়ে তোলা আন্দোলনের নিন্দা জানিয়ে রাখা বক্তব্যে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, জ্ঞানচর্চার কেন্দ্র দীর্ঘদিন অবরুদ্ধ থাকতে পারে না।
শিক্ষক মঞ্চের মুখপাত্র রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল শিক্ষক পেশিশক্তি দিয়ে লড়াই করছেন তাদের বিপরীতে আমাদের এই আদর্শিক লড়াই।
শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয় প্রতিবাদী চলচ্চিত্র প্রদর্শনী।
অন্যায্য আন্দোলনের প্রতিবাদে শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক কেএম মহিউদ্দিন ও ফজলুল করিম পাটোয়ারী এবং সাধারণ সদস্য অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মানস চৌধুরী ও রায়হান রাইন পদ ছাড়ারও ঘোষণা দেন।
অধ্যাপক নাসিম সাংবাদিকদের বলেন, সমিতির নামে এই অনৈতিক আন্দোলন বন্ধ না হলে আমরা স্বপদে ফিরছি না।
অন্যদিকে ছুটিতে গিয়ে নয় বরং পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী।
শনিবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সংহতি সমাবেশ দ্রুত উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়।
উপাচার্যের পদ থেকে অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগসহ নানা দাবিতে বছরজুড়ে বিভিন্ন অংশের শিক্ষকদের আন্দোলন কর্মসূচির ফলে অচল হয়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি সংগঠন।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন অসুস্থতাজনিত নৈমিত্তিক ছুটিতে থাকায় প্রশাসনিক ভবনে অবরুদ্ধ রয়েছেন দুই উপউপাচার্য এমএ মতিন ও আফসার আহমদ।
