রাবি শিক্ষার্থীদের ওপর গুলি: প্রশাসন ভবন ঘেরাও
সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহতের ঘটনায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলির প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে।
পরে উপাচার্য এসে শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা সরে যায়।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিএনজি অটোরিকশা চাপায় সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা জাহান নিহত হন। এসময় চারুকলা বিভাগের আরেক ছাত্রী সুমীও গুরতর আহত হন।
প্রতিবাদে দুপুরে শিক্ষার্থীরা বিনোদপুর ও কাজলা ফটকে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে আহত হন সাত শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১১টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী কলা ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিনোদপুর ও কাজলা ফটকে গতিরোধক ও ট্রাফিক পুলিশ মোতায়েন, সাবরিনার পরিবারকে অর্থ সহায়তা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
ফাইল ছবি
এভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর সংস্কৃতি বন্ধ না হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন তারা।
প্রায় ঘণ্টাকাল অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।
উপাচার্য বলেন, সাবরিনার মৃত্যুতে তিনিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোকাহত। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।
এদিকে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো যৌক্তিক ছিল বলে দাবি করেছেন ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) প্রলয় সিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্ত তারা রাস্তায় সহিংসতা সৃষ্টি করায় পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে।
