জেএসসি-জেডিসি: দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৬ হাজার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে বিভিন্ন বোর্ডে ৩৬ হাজার ৪১৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে বিভিন্ন বোর্ডে বহিষ্কার করা হয়েছে ছয় শিক্ষার্থীকে।
হরতালের কারণে গত ৪ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নিয়ে আসা হয়। জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয় এদিন।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিন ৫৯ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে, ৫৪ জনকে বহিষ্কার করা হয়।
এ নিয়ে দুই দিনে মোট ৯৫ হাজার ৯৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকল এবং ৬০ জন বহিষ্কৃত হলো।
নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকা বোর্ডে ১৩ হাজার ৪৭৭ জন, রাজশাহী বোর্ডে দুই হাজার ২৯৪ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৮৭৫ জন, যশোর বোর্ডে তিন হাজার ৪৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
এছাড়া চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৩৮৫ জন, সিলেট বোর্ডে এক হাজার ৯৪০ জন, বরিশাল বোর্ডে দুই হাজার ৭০২ জন এবং দিনাজপুর বোর্ডে এক হাজার ৫১৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আর মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ছয় হাজার ৭৬৬ জন শিক্ষার্থী।
এদিকে ঢাকা বোর্ডে তিন জন, দিনাজপুর বোর্ডে এক জন এবং মাদ্রাসা বোর্ডে দুই জনকে বহিষ্কার করা হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
