কুয়েটে আমরণ অনশনে পুরকৌশলের শিক্ষার্থীরা
ক্লাস শুরুর দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীরা।
এর আগে রোববার ও মঙ্গলবার প্রশাসনিক ভবন ও পুরকৌশল বিভাগের সামনে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রতীকী অনশন করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দুদিনের প্রতীকী অনশনের সময় প্রশাসন তাদের ক্লাসের তারিখ ঘোষণার আশ্বাস দেয়। এমনকি একাডেমিক কাউন্সিলের বৈঠকসহ বেশকিছু বৈঠকও হয় এ সময়ে। কিন্তু এসব বৈঠক শেষে প্রশাসন ক্লাস শুরুর বিষয়ে কিছু না বলে রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করে।
তাদের আন্দোলনের প্রতি কর্তৃপক্ষের শ্রদ্ধাবোধের অভাব দেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘আমরণ অনশন’ শুরু করেন বলে জানান।
স্পষ্টভাবে ক্লাসের তারিখ না পাওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, সমস্যাটি নিরসনের জন্য কয়েকদফা বৈঠক করা হয়েছে। একাডেমিক কাউন্সিল কর্তৃক গঠিত পাঁচ সদস্যের কমিটি সমস্যা সমাধানের জন্য ছাত্রদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
তিনি দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন।
চলতি বছরের ৪ এপ্রিলে পুরকৌশল বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া নিয়ে কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের বিরুদ্ধে ব্লগ ও ফেইসবুকে কটূক্তি করেন।
এরপর পুরকৌশল বিভাগের শিক্ষকরা কর্মবিরতি করেন এবং এ কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এরপর কর্তৃপক্ষ কুয়েটের নয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। এছাড়া অপর ১০ শিক্ষার্থীকে সতর্ক করা হয়।
পরে শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন এবং শাস্তির স্থগিতাদেশ পান।
এরপর গত ৪ মে থেকে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ওই বিভাগের নবম ব্যাচের সকল কার্যক্রম থেকে বিরত থাকেন।
