২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবীকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার বেলা ১২টায় একাডেমিক ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে এর প্রতিবাদ জানান।

অপরদিকে বেলা সাড়ে ১২টায় কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের উত্তর গেটে সমাবেশ ও মানববন্ধন করেন।        

সমাবেশে বক্তারা হুমকিদাতাকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের গ্রেপ্তার হওয়া তিন নেতার মুক্তির দাবিতে শুক্রবার বেলা ১২টা ২৭ মিনিটে উপাচার্যের ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যা এবং তার বাসভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি এসএমএস পাঠানো হয়।    

শিক্ষকদের সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক ড. সরিফা সালোয়া ডিনা, যুগ্ম-আহবায়ক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম ও সদস্য সচিব ড. মোহাম্মদ রফিউল আজম খান ।

কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে বক্তব্য দেন সহকারী পরিচালক আশরাফুল আলম, সহকারী রেজিস্ট্রার মোরশেদ উল আলম রনি, সেকশন অফিসার তারিকুল ইসলাম, শামসুল হক, হাফিজুর রহমান, কর্মচারী রশিদুল হক।

হুমকি দেয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্য কোতোয়ালি থানায় ওইদিনই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।