রুয়েট নিবন্ধককে বরখাস্ত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিবন্ধক আবুল বাসারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার প্রশাসনের এক আদেশে জানান হয়, আবুল বাসারের পরিবর্তে রসায়ন বিভাগের অধ্যাপক আশরাফুল আলম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্যের নির্দেশে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা তার দপ্তরে এসে বহিষ্কার পত্র দিয়ে যান। তিনি ক্যাম্পাসের বাইরে থাকায় সন্ধ্যায় ফেরার পর বিষয়টি জানতে পারেন।
তিনি আরো অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধি ভঙ্গ করে সিন্ডিকেট বৈঠক ছাড়াই উপাচার্য তাকে জোর করে বহিষ্কার করেন।
আবুল বাসারের নিয়োগ হয়েছিল সাবেক উপাচার্য সিরাজুল করিমের সময়ে। অধ্যাপক সিরাজুল করিমের অপসারণের পর দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মর্ত্তুজা আলী।
ক্ষমতা গ্রহণের পর অধ্যাপক মত্তুর্জা আলী প্রশাসনের ব্যাপক রদবদল আনলেও স্বপদে বহাল থাকেন নিবন্ধক আবুল বাসার।
উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বলেন, গত কয়েক মাস ধরেই নিবন্ধকের বিরুদ্ধে বেশ অনিয়মের অভিযোগ আসছিল। তারা অভিযোগের প্রমাণ পেয়ে তাকে পদ থেকে অপসারণ করেছেন।
