শিক্ষা আইনের খসড়া ওয়েবসাইটে
মতামত নিতে জাতীয় শিক্ষানীতির সুপারিশের আলোকে প্রণীত শিক্ষা আইনের খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এই খসড়া প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা আইনের খসড়ার ওপর সুশীল সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের মানুষের মতামত, সুপারিশ বা পরামর্শ থাকলে আগামী ২৫ অগাস্টের মধ্যে info@moedu.gov.bd, rzfiq_021259@yahoo.com, law_officer@moedu.gov.bd ঠিকানায় ই মেইলে জানানো যাবে।
জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় শিক্ষা আইনের এই খসড়া প্রণয়নের জন্য শিক্ষাসচিবের নেতৃত্বে ১৯ সদেস্যের কমিটি করা হয়।
এই কমিটির প্রথম সভায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (নিরীক্ষা ও আইন) আহ্বায়ক করে নয় সদস্যের একটি ওয়ার্কিং কমিটি করা হয়। ওই কমিটি ১২টি সভা করে শিক্ষা আইনের খসড়া তৈরি করে।
ওয়ার্কিং কমিটি শিক্ষা আইন খসড়া প্রণয়নের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মতামত নিলেও খসড়া আইন সম্পর্কে জনগণের মতামত নেয়ার জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
