২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ফটকে ছাত্রলীগের তালা

ট্রেনে বসা নিয়ে সংঘর্ষের ঘটনায় ‘ন্যায্য বিচার’ না পাওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এক ঘণ্টা তালাবন্ধ করে রাখে ছাত্রলীগের একপক্ষের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার বেলা আড়াইটায় গোলচত্বর সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ফটকে তারা তালা লগিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মামুন বলেন, সংঘর্ষের জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা না নেয়ায় এবং একদিনের মধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে তালা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সাধারণ কর্মীরা গেইটে তালা দেয়।তাদের দাবি যৌক্তিক বলে আমরা তাদের সমর্থন করছি।”

প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফটকে তালা দেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ট্রেনও আটকে দেয়ার চেষ্টা হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা সাড়ে ৩টার দিকে মূল ফটকের তারা খুলে নেয় বলে জানান তিনি।

গত শনিবার শাটল ট্রেনে বসা নিয়ে তর্কের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনায় চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের সালাউদ্দিন আহমেদ নয়ন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শেখ মামুনুর রশিদ জিসান আহত হন।