২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজে ছাত্র-পুলিশ সংঘর্ষ, আটক ৬

সিলেটের এমসি কলেজে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর ছয় জনকে আটক করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার সকাল ১১টায় কলেজ ছাত্রাবাস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের এক বছর পূর্তিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন কর্মসূচি চলাকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তবে শাহপরাণ থানার ওসি আখতার হোসেন সাংবাদিকদের জানান, পরিষদের ব্যানারে ছাত্র শিবিরের কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জড়ো হচ্ছিল এবং তারা সড়ক অবরোধের চেষ্টা করছিল।

কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলায় তারা পুলিশের দিকে ইট নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান ওসি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাত্রাবাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতরা জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

গতবছর এই দিনে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের জের ধরে এমসি কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়, প্রায় ৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেন শিক্ষার্থীরা।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আল হেলাল ভূঁইঞা সাংবাদিকদের বলেন, দুই ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের জের ধরে ২০১২ সালের ৮ জুলাই সন্ধ্যায় কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়া হয়।