২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করতে চাই: প্রধানমন্ত্রী

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তি কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভাল হলে আগামীতে পুরোপুরি বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করার ইচ্ছা আছে তার। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 06:24 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার নিজের কার্যালয়ে ১৫ জন ছাত্রীর হাতে উপবৃত্তি তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অর্থনীতি ভাল হলে আগামীতে শিক্ষা পুরো ফ্রি করে দেব। বাবা-মাকে আর চিন্তা করতে হবে না। আমি মনে করি শিক্ষা হলো বিনিয়োগ।”

এই কর্মসূচির মধ্য দিয়ে এক লাখ ৩৩ হাজার ৭২৬ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার। এ কর্মসূচিতে বছরে খরচ হবে ৭৫ কোটি ১৫ লক্ষ টাকা, যা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, “দারিদ্রের বিরুদ্ধে জয়ী হতে আমার সৈনিক দরকার। এই সৈনিক হবে শিক্ষিত জনগোষ্ঠী।”

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিলেও পরে বিএনপি সরকার তা বন্ধ করে দেয় বলে প্রধানমন্ত্রী জানান।

তিনি বলেন, “তাই এ কার্যক্রমকে উন্নয়ন বাজেট নির্ভর না করে আমরা একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত নেই। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে। ১০০০ কোটি টাকার সিডমানি দিয়ে এ ফান্ডের কার্যক্রম শুরু হয়েছে।”

বিত্তশালীরা কেউ এ তহবিলে অর্থ দিতে চাইলে তারা কর রেয়াত পাবেন বলেও প্রধানমন্ত্রী জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল খান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় প্রত্যেক ছাত্রীকে বছরে দুই হাজার ৪০০ টাকা উপবৃত্তি, পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা, বই কেনার জন্য দেড় হাজার টাকা এবং টিউশন ফি বাবদ ৭২০ টাকাসহ পাঁচ হাজার ৬২০ টাকা করে দেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ শতাংশ গড় উপস্থিতি, পিতা-মাতার বার্ষিক আয় ৭৫ হাজার টাকার কম, সর্বোচ্চ ৭৫ শতাংশ ভূমির মালিক হওয়া এবং অবিবাহিত ছাত্রীরা এই উপবৃত্তি পাবেন।

পার্বত্য, হাওড় ও মঙ্গাপীড়িত এলাকার ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে উপবৃত্তি দেয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুঃস্থ-অসহায় গোষ্ঠী, অসচ্ছল মুক্তিযোদ্ধা, উপার্জনে অসমর্থ/বিকলাঙ্গ পিতামাতার সন্তান ও প্রতিবন্ধী ছাত্রীরাও অগ্রাধিকার পাবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ শতাংশ ছাত্রী উপবৃত্তি পাবার যোগ্য হবেন।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি), মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্প (এসইএসডিপি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড এ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প (৪র্থ পর্ব) চালু আছে।

এসব প্রকল্পের মেয়াদ শেষ হলে সেগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। ২০১২-১৩ অর্থ বছরে দেশের প্রায় ২৯ লাখ শিক্ষার্থীদের মধ্যে ৬৬৮ কোটি ১৫ লাখ টাকা উপবৃত্তি দেয়া হয়েছে।

দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২০ এপ্রিল ট্রাস্ট ফান্ড গঠনে লিখিত নির্দেশনা দেন।

পরে পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে কয়েকটি সভায় ট্রাস্ট আইনের খসড়া চূড়ান্ত করা হয় এবং ২০১১ সালের গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়।

পরবর্তীতে গত বছরের ১১ মার্চ সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল, ২০১২ পাস হয়।

ট্রাস্ট আইন অনুযায়ী পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২৩ সদস্যের ট্রাস্টি বোর্ড রয়েছে। প্রধানমন্ত্রী এই ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক। আর ট্রাস্টি বোর্ডের সভাপতি শিক্ষামন্ত্রী।