রাবিতে শিক্ষার্থী ছাড়াই চলছে বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগে শিক্ষক থাকলেও গত সাত বছর ধরে বিভাগটি চলছে কোন শিক্ষার্থী ছাড়াই।
এই বিভাগে শিক্ষার্থী না পাওয়ায় ক্রীড়াঙ্গনে বারবার হোঁচট খাচ্ছে বিশ্ববিদ্যালয়। ১০ জন শিক্ষক, দাপ্তরিক কার্যালয়, কর্মকর্তা-কর্মচারী থাকলেও বিভাগটি অকার্যকর।
এ বিষয়ে কথা বলতে চাইলে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরীরচর্চা শিক্ষা বিভাগের অধীনে অনার্স কোর্স চালুর বিষয়ে আমরা খুবই আন্তরিক। এ বিষয়ে যথা সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষা নামে স্বতন্ত্র বিভাগ খোলা হয়েছে।
“আমরাও অনেক দিন ধরে স্বতন্ত্র বিভাগ খোলার দাবি জানিয়ে আসছি। দেরিতে হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিষদের বৈঠকে শরীরচর্চা শিক্ষা বিভাগের অধীনে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্স চালুর বিষয়টি উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরো জানান, এ বিষয়ে তিনসদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে।
রাজু আহমেদ নামের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় ভাল করতে পারছি না। অথচ এখানে একটি বিভাগ খোলা থাকলেও কোন শিক্ষার্থী নেই। ফলে খেলাধুলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে পড়ছে।
শরীর চর্চা বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০০৬ সালের আগে ৫০ জন করে শিক্ষার্থী খেলোয়াড় কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হতো। সেই খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হতো।
কিন্তু ২০০৬ সালের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় আর কোন শিক্ষার্থী ভর্তি করা হয় না। এতে একদিকে বিশ্ববিদ্যালয় খেলোয়াড় শূণ্য হচ্ছে, অন্যদিকে সুনামও হারাচ্ছে।
