২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল না দিতে আহ্বান এইচএসসি পরীক্ষার্থীদের

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যেই সংবাদ সম্মেলন করে আগামী এইচএসসি পরীক্ষার সময় হরতাল না দিতে আহ্বান জানিয়েছেন পরীক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 12:42 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী সাবির নূর বলেন, “এইচএসসি পরীক্ষা আমাদের ছাত্রজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি পরীক্ষা। আমাদের ভবিষ্যত জীবন এই পরীক্ষার ওপর নির্ভর করছে।অথচ আমরা নিশ্চিন্তে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছি না। রাজনৈতিক অস্থিরতার কারনে পরীক্ষা আদৌ হবে কী না এমন কোন নিশ্চয়তা পাচ্ছি না।”

আগামী সোমবার সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী ১ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত তত্ত্বীয় এবং ১ থেকে ১৪ জুন ব্যবহারিক পরীক্ষা হবে।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষা দেবে।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিএনপি অথবা দলটির জোটসঙ্গী জামায়াতের হরতালের মধ্যে পড়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিন। ফলে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালের মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

সংবাদ সম্মেলনে নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাফি রেজা এইচএসসি পরীক্ষার সময় কোনো হরতাল না দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আমরা যারা এখানে এসেছি, তারা রাজনীতি করি না। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের অনুরোধ, তার যেন দেশের সাড়ে নয় লাখ পরীক্ষাথীর উচ্চ শিক্ষা, ভবিষ্যত জীবন পরিকল্পনার বিরুদ্ধে না যান।”

সরকারের গৃহীত কোনো পদক্ষেপ যেন কোনো রাজনৈতিক দলকে হরতাল দেয়ার ‘সুযোগ’ না করে দেয়, সেজন্য সরকারকেও সচেতন থাকতে অনুরোধ জানান তারা।

সাবিন নূর বলেন, “আমরা কোনো রাজনৈতিক জায়গা থেকে আসিনি। আমাদের এই সংবাদ সম্মেলনের পেছনেও কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাই আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আমাদের এই সংবাদ সম্মেলন নিয়ে যেন কোনো রাজনীতি না হয়।”

সংবাদ সম্মেলনে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।