২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইয়ে শহীদ সালামের জন্মস্থানের নাম সংশোধন

তৃতীয় শ্রেণির একটি বইয়ে ভাষা শহীদ আব্দুস সালামের জন্মস্থানের নাম সংশোধন করে পরিপত্র জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

গত ২০ ফেব্রুয়ারি পরিপত্র জারি করে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠায় এনসিটিবি।

বোর্ডের সচিব ব্রজ গোপাল ভৌমিক স্বাক্ষরিত পরিপত্রটি ওইদিনই ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়েও পৌঁছে।

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ পরিপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এনসিটিবির অধীন চলতি ২০১৩ শিক্ষা বর্ষে মুদ্রিত তৃতীয় শ্রেণির বাংলা বই ‘আমার বাংলা’ পাঠ্যপুস্তকে ভাষা শহীদদের কথা শিরোনামে লেখা নিবন্ধে শহীদ আব্দুস সালামের বাড়ি ফেনীর বদলে নোয়াখালী উল্লেখ করা হয়।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। এ নিয়ে ফেনী প্রেস ক্লাব, জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।

পরে এনসিটিবি পরিপত্র জারির মাধ্যমে বিষয়টি সংশোধন করে।

এনসিটির ওই পরিপত্রে বলা হয়, প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা বই’-এর ২০ নম্বর পৃষ্ঠায় ভাষা শহীদ আব্দুস সালামের বাড়ি নোয়াখালী মুদ্রিত হয়েছে। কিন্তু সংশোধিত তথ্য হচ্ছে সালামের বাড়ি ফেনী জেলায়। এরই ধারাবাহিকতায় ২২ নম্বর পৃষ্ঠায় ৩-এর (গ) নম্বর প্রশ্নের ৪ নম্বর উত্তরটিও হবে ফেনী। ২৩ নম্বর পৃষ্ঠায় ৬ নম্বর অনুশীলনে নোয়াখালীর স্থলেও ফেনী হবে।

এ সংশোধনী অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংশ্লিষ্ট জেলার সকল থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জরুরি ভিত্তিতে বিষয়টি জানানোর অনুরোধ করা হয়।