বৃহস্পতিবার খুলছে রোকেয়া বিশ্ববিদ্যালয়, অনশন চলবে
বন্ধ হওয়ার দেড় মাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার থেকে খুলে দেয়া হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। একইদিন ক্যাম্পাসে আমরণ কর্মসূচি শুরুরও ঘোষণা দিয়েছে দুর্নীতিবিরোধী মঞ্চ।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন থেকেই প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চলবে।
শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
গত ১০ জানুয়ারি উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগকর্মীদের হামলার পর বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেন উপাচার্য।
দুর্নীতিবিরোধী মঞ্চের নেতা ড. তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের দিনই ঘোষণা দেয়া হয়েছিল খোলার দিন থেকেই আমরণ অনশন শুরু হবে।
উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে দুর্নীতিবিরোধী মঞ্চের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা যৌথভাবে গত ৫ জানুয়ারি আন্দোলন শুরু করেন।
আন্দোলন চলাকালে ১০ জানুয়ারি উপাচার্যের অনুগত ‘ছাত্রলীগের’ তিন নেতার নেতৃত্বে বহিরাগতরা হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। এসময় তাদের এসিড হামলার শিকার হন পাঁচ শিক্ষক। আহত হন শিক্ষকসহ ১৮ জন।
এ ঘটনার পরপরই আমরণ অনশনে যান আন্দোলনকারীরা। ১০ জানুয়ারি মধ্যরাতে উপাচার্য তার একক সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
