২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর চাকরিচ্যুত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমানকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

২৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন জানান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ব্যবহার করে চাকরির শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাফিজুর রহমানকে চাকরিচ্যুত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার এ বরখাস্তের আদেশ সিন্ডিকেটের সভার তারিখ থেকেই কার্যকর হবে।

সিন্ডিকেটের অপর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস.এম ইমামুল হক জানান, চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেয়ার আগে যথাযথ তদন্ত করে প্রভাষক হাফিজুর রহমানকে কেন চাকরিচ্যুত করা হবে না সে মর্মে শোকজ নেটিশ দেয়া হয় । তিনি ওই নোটিশের জবাব না দিয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে চিঠি দেন এবং নানা অপতৎপরতা শুরু করেন। এছাড়া এই শিক্ষক তার অভিজ্ঞতার সনদ জালিয়াতির মাধ্যমে এ প্রতিষ্ঠানে চাকরি নেন, যা তদন্তে ধরা পড়েছে।

এ বিষয়ে প্রভাষক হাফিজুর রহমান জানান, গত বছরের ২৮ অগাস্ট তাকে বরখাস্তের জন্য শোকজ নোটিশ দেয়া হলে ৪ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। পরে এ ব্যাপারে  ৯ সেপ্টেম্বর উচ্চ আদালতে রিট আবেদন করলে ১৭ সেপ্টেম্বর আদালত সাময়িক বরখাস্তের কার্যক্রমে ৩ মাসের জন্য স্থগিতাদেশ দেয়। পরে আদালত তা আরো ৬মাসের জন্য বাড়ায়।

তিনি আরো বলেন, “এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে পারবে না।”

অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ওই স্থগিতাদেশের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ রয়েছে।

এর আগে গত বছর প্রভাষক হাফিজুর রহমান নানা অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ বিভিন্ন কর্মকর্তাকে বিবাদী করে মামলা দায়ের করেছিলেন।