শাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড সম্পন্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১২ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জীবনের প্রতিটি শাখায় গণিতের প্রয়োজন রয়েছে। এই প্রতিযোগিতা নবীন শিক্ষার্থীদের গণিত শিখতে অনুপ্রাণিত করবে।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় এদেশের শিক্ষার্থীদের ভাল ফল করার কথা উল্লেখ করেন তিনি।
দিনব্যাপী এ অলিম্পিয়াডে ছিল গণিতের বিভিন্ন বিষয়ের উপর দেড় ঘণ্টার পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অলিম্পিয়াডের আহ্বায়ক ও শাবির গণিত বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ তালুকদার।
আয়োজক কমিটির সদস্য সচিব ড. সুজয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), সাউথইস্ট ও ব্র্যাক ইউনিভার্সিটির পর চতুর্থবারের মতো শাবিপ্রবিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ¯œাতক পর্যায়ের ২১টি প্রতিষ্ঠানের ২৬৮ জন শিক্ষার্থী অংশ নেন।
এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে নগদ অর্থ ছাড়াও প্রথম ১০ শিক্ষার্থীকে পদক ও সনদ দেয়া হয়।
