দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটে শিক্ষকরা
বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করে চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। এর আগে সকাল ৯টা থেকেই তারা ওই স্থানে জড়ো হতে শুরু করায় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
চাকরী জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া।
যদিও শিক্ষকদের এই আন্দোলনকে ‘অবাস্তব’ অ্যাখ্যায়িত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, এর মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। হঠাৎ করে এসে জমায়েত হয়ে এই দাবি করা অবাস্তব।”
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।
এর আগে একই দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্ন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারী লাগাতার ধর্মঘট পালন করেন।
২২ জানুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের কোনো ঘোষণা না এলে ২৩ জানুয়ারি ঢাকায় মহা অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
তারা বলেছেন, দাবি পূরণ না হলে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্ব পালনে তারা বিরত থাকবেন।
