চট্টগ্রামে বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রামে প্রবর্তক মোড় অবরোধ করে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টা থেকে প্রায় আধঘণ্টা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।
পরে আলোচনার মাধ্যমে দাবির বিষয়ে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়ায় আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদেরকে প্রবর্তক এলাকার ভাড়া ক্যাম্পাসে ক্লাস করতে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে নগরীর শেরশাহ এলাকার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়া হতো।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সাহাদাত হোসেন সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এতোদিন শেরশাহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করে আসছি। হাঠাৎ করে ভাড়া করা ক্যাম্পাসে আমাদেরকে ক্লাস করতে বলা হয়েছে।”
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস ছাড়াও স্থায়ী শিক্ষক নিয়োগ, প্রশাসনে সংস্কার, শিক্ষার বাণিজ্যকরণ বন্ধসহ বিভিন্ন দাবি জানায়।
পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারণ করা প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে ক্লাস না করার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।”
পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল হুদা সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে রোববার শেরশাহ ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে সভা হবে।
