সব বই পায়নি কক্সবাজারের মাধ্যমিক শিক্ষার্থীরা
কক্সবাজার জেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বিনামূল্যের সব বই এখনো হাতে পায়নি।
২০১৩ শিক্ষাবর্ষে জেলার মাধ্যমিক স্তরে(মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনার, দাখিল ভোকেশনাল ও মাধ্যমিক ইংরেজি ভার্সন) মোট ১ লাখ ৭৮ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ছিল ১৬ লাখ ৭৬ হাজার ৫৫৫টি।
জেলা শিক্ষা অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছ থেকে পাওয়া গেছে ১২ লাখ ৩৯ হাজার ৫০৩টি বই। যা ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হয়েছে।
তবে দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা সব বই হাতে পেলেও মাধ্যমিক ইংরেজি ভার্সনে শিক্ষার্থীরা কোন বই হাতে পায়নি।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী সুইথেন মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ১৬ হাজার ২৯৭ জন, দাখিল মাদ্রাসায় ৬১ হাজার ২৯৭ জন, এসএসসি ভোকেশনালের শিক্ষার্থী ৫৮৬ জন, এসএসসি দাখিলের শিক্ষার্থী ৮১ জন এবং মাধ্যমিক (ইংরেজি ভার্সন) এর শিক্ষার্থী ১১৫ জন।
এসব শিক্ষার্থীর জন্য ১৬ লাখ ৭৬ হাজার ৫৫৫ বই দরকার এবং পাওয়া গেছে ১২ লাখ ৩৯ হাজার ৫০৩।
এ বইগুলো এনসিটিবির প্রধান দপ্তর থেকে সরাসরি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
এখনো ৪ লাখ ৩৭ হাজার ৫২টি বইয়ের ঘাটতি রয়েছে বলে তিনি জানান।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে আরো জানা যায়, জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে বইয়ের চাহিদার শতকরা ৭৬, দাখিল মাদ্রাসার বইয়ের চাহিদার ৬৯ শতাংশ, এসএসসি ভোকেশনালের বইয়ের ৮৬ শতাংশ, দাখিল ভোকেশনালে ১০০ শতাংশ ও মাধ্যমিক ইংরেজি ভার্সনে একটি বইও বিতরণের জন্য পাওয়া যায়নি।
কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বাংলা ও ইংরেজি আবশ্যিক (প্রথম ও দ্বিতীয় পত্র), সাধারণ গণিত ও কৃষি শিক্ষা বইগুলো সে পেয়েছে। বাকি বইগুলো এখনও হতে পায়নি।
কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওবাইদুল হক জানায়, বাংলা, ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র), সাধারণ গণিত, ইসলাম শিক্ষা ও সমাজ বিজ্ঞানের বইগুলো সে পেয়েছে। বাকী বইগুলো এখনো সে পায়নি।
ফলে কোনো শিক্ষার্থী একই শ্রেণির সব বই নিয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারেনি।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের বিতরণের জন্য সব বই এখনো পৌঁছায়নি। এ কারণে কোন শিক্ষার্থীকে পুরো সেট বই বিতরণ করা সম্ভব হয় নি।
“তবে সব শিক্ষার্থীরা একই শ্রেণির সিংহভাগ বই হাতে পেয়েছে এবং বাকী বইগুলো এসে পৌঁছলে শিক্ষার্থীরা একই শ্রেণির সব বই হাতে পাবে।”
ঘাটতি বই বরাদ্দ পেতে এনসিটিবির ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চলছে। শিগগিরই এসব বই বিতরণের জন্য বরাদ্দ পাবেন বলে তিনি আশা করছেন।
