ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সেকশন অফিসার মো. বশিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) এবং নোটিশ বোর্ড থেকে ফল জানা যাবে। মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের আগামী ৯ ও ১০ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের ১৩ ডিসেম্বর ভর্তি হতে হবে।
এই কর্মকর্তা আরো জানান, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছুদের ১২ ডিসেম্বর বেলা ২টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে প্রবেশপত্র জমা দিতে। ওইদিন বিকাল ৫টায় অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২ জানুয়ারি ওরিয়েন্টেশন এবং ৩ জানুয়ারি ক্লাশ শুরু হবে।
পাঁচশ’ আসনের বিপরীতে শুক্রবার শেকৃবির ভর্তি পরীক্ষায় ১৫ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
এবার কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১০০ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২০০ ঘ.
bdnews24