ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা প্রশাসন ভবনের অভ্যন্তরে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে তিনমাস ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। ক্লাস-পরীক্ষাসহ সকল প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে।
ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন, সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে তাদের অপসারণ করে সৎ, যোগ্য ও দক্ষ শিক্ষকদের আনার দাবি জানান।
সমিতির সভাপতি এম এয়াকুব আলী বলেন, “এই তিন কর্তাব্যক্তি যতদিন পদত্যাগ না করবেন ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে।”
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে শতাধিক পদে নিয়োগ নিয়ে গত সেপ্টেম্বর থেকে অচল হয়ে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৯ ঘ.
bdnews24