রুয়েটে ছয় শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চলাকালে মঙ্গলবার আরো ছয় শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেছেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চলাকালে মঙ্গলবার আরো ছয় শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুর্ত্তজা আলীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
এরা হলেন রসায়নের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল ইসলাম, শহীদ সেলিম হলের প্রাধ্যক্ষ ড. এনএইচএম কামরুজ্জামান সরকার হিরো, একই হলের সহকারী প্রাধ্যক্ষ শহিদুল ইসলাম, আব্দুল হামিদ আবাসিক হলের সহকারী প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ইজারা কমিটির সভাপতি ড. আব্দুর আলিম এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আজিজুল ইসলাম।
এনিয়ে গত দু’দিনে সাত কর্মকর্তা পদত্যাগ করলেন। এর আগে সোমবার পদত্যাগ করেন ছাত্রকল্যাণ পরিচালক ড. শামীমুর রহমান।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে তালা ঝুলিয়ে রেখেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন ‘ঐক্য পরিষদ’।
উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এবং বিক্ষোভ করেন।
রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফুল আলম পদত্যাগের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া উপাচার্যের আদেশ মানতে নিজেকে সংকীর্ণ মনে হচ্ছে।
“পদত্যাগ করার মাধ্যমে আমি উপাচার্য বিরোধী আন্দোলনে আনুষ্ঠনিকভাবে সমর্থন প্রদান করছি,” বলেন তিনি।
উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঐক্য পরিষদ নামে কথিত ওই সংগঠনের ছয়জন নেতা মঙ্গলবার উপ-উপাচার্যের কাছে পদত্যাদপত্র দিয়েছেন বলে শুনেছি।”
ঐক্য পরিষদের আহ্বায়ক ড. এনএইচএম কামরুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল কেলেঙ্কারীসহ বেশ কয়েকটি অনিয়মে জড়িয়ে পড়া উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
প্রগতিশীল ভাবধারার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ‘ঐক্য পরিষদ’ গঠন করা হয়।
গত ১৬ নভেম্বর থেকে তারা উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেছেন।
