২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগের উদ্যোগ

দেশের ৩৬ হাজার ৯৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৬ হাজার ৯৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেবে সরকার। তিন দফায় এই নিয়োগ সম্পন্ন হবে। ২০১২-১৩ অর্থবছরে ১২ হাজার, পরের অর্থবছরে ১২ হাজার এবং তৃতীয় পর্যায়ে ২০১৪-১৫ অর্থবছরে ১২ হাজার ৯৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তাদের বেতন-ভাতা হবে সর্বোচ্চ সাত হাজার টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত জনবল নিয়োগের নীতিমালা ইতোমধ্যে চূড়ান্ত করেছে। এতে বলা হয়, “দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ প্রত্যাশীদের বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে ক্যাচমেন্ট এলাকার কোনো প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ক্যাচমেন্ট এলাকার প্রার্থীকে বিবেচনায় নেওয়া যেতে পারে।” সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর হলেও মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটার প্রার্থীরা ৩২ বছর বয়সে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে। তবে সাইকেল চালনায় পারদর্শী, সুঠাম দেহের অধিকারী পুরুষ প্রার্থীকে এই পদে নির্বাচন করা হবে উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, নিয়োগের জন্য তিন সদস্যের একটি বাছাই ও নিয়োগ কমিটি গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০২৬ ঘ.