চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে বন্দরনগরীর জাকির হোসেন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করায় নিজেদের ক্যাম্পাসের তারা ভাংচুরও চালিয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) শিক্ষার্থীরা বুধবার বেলা ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ তাদের বুঝিয়ে বেলা ১টার দিকে সড়ক থেকে উঠিয়ে দিলেও এক ঘণ্টা পর আবার তারা সড়কে অবস্থান নেয়। এতে চট্টগ্রামের এই প্রবেশপথটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় পুলিশ আবারো তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের আসবাবপত্র ভাংচুর করে বলে প্রত্যেক্ষদর্শীরা জানান।
পরে পুলিশ তাদের সরিয়ে দিলে বিকাল ৩টার পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।
মহানগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকে বসেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।”
শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষ ভাড়া করা দুটি ভবনে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর পাঠদানের ব্যবস্থা করেছে। কিন্তু শ্রেণীকক্ষ ও শিক্ষক সঙ্কটের কারণে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী মো. মেহরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ে আমরা সড়ক অবরোধ করেছি। এছাড়া ভাল শিক্ষক, শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরিসহ অন্য সুযোগ সুবিধা থেকেও শিক্ষার্থীরা বঞ্চিত। এসব ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ‘হাজার হাজার’ টাকা নিলেও কর্তৃপক্ষ তাদের পড়াশোনার দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন মেহরাজ।
বর্তমানে ঢাকায় তিনটি, চট্টগ্রাম ও রাজশাহীসহ পাঁচটি ক্যাম্পাস নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ইউআইটিএস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24